লস অ্যাঞ্জেলেসে মুদি সামগ্রীর বিনিময়ে বন্দুক জমা

লস অ্যাঞ্জেলেসে বুধবার বন্দুকের মালিকরা দু’শ’ মার্কিন ডলার পর্যন্ত মুদি সামগ্রীর বিনিময়ে তাদের অস্ত্র জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। কানেকটিকাটের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনার পর এই উদ্যোগ নেয়া হয়েছে। কর্তৃপক্ষ এই অস্ত্র ফেরত অনুষ্ঠানে কোন প্রশ্ন না করার প্রতিশ্রুতি দিয়েছে। অস্ত্রের মালিকরা মুদি দোকানের গিফট কার্ডের বিনিময়ে সরাসরি তাদের গাড়িতে বসেই রাইফেল ও উজিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ফেরত দিচ্ছে। তবে আগ্নেয়াস্ত্রের কিছু সমর্থক এই কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ঐতিহ্যগতভাবে উদার মনোভাবের লস অ্যাঞ্জেলেসে এই অনুষ্ঠানের কর্মসূচি নেয়া হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)’র সার্জেন্ট রুডি লোপেজ এএফপিকে বলেন, গতবছরের তুলনায় এ বছর অনুষ্ঠানটি বেশ ভালই হচ্ছে। তিনি আরো বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক বলে মনে হচ্ছে। দেড়ঘন্টা ধরে বিপুল সংখ্যক লোক অপেক্ষা করছেন।’ লোপেজ বলেন, পুলিশ অস্ত্রগুলোর ব্যাপারে চুরি অথবা হারিয়ে যাওয়ার কোন রিপোর্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখবে। প্রকৃত মালিকদের তাদের অস্ত্র ফেরত দেয়া হবে। তিনি বলেন, অবশিষ্ট অস্ত্রগুলোকে গলিয়ে ফেলা হবে।