পাকিস্তানে আধা সামরিক বাহিনীর ২২ সদস্য অপহরণ

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় আঞ্চলিক আধাসামরিক বাহিনীর তিনটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে বাহিনীটির অন্তত ২২ জন সদস্যকে ধরে নিয়ে গেছে পাকিস্তান তালেবান। বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন উত্তরাঞ্চলীয় খাইবার এজেন্সির সরকারি কর্মকর্তারা। তবে তালেবান ও পাকিস্তানের অন্যান্য উত্সগুলো অপহূত সেনার সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে। খাইবার এজেন্সি এলাকার প্রধান শহর পেশোয়ারের নিকটবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকার আধাসামরিক বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাভিদ আকবর জানান, রকেট চালিত গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে বৃহস্পতিবার রাতে আধাসামরিক বাহিনীর তিনটি চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় দুই সেনা নিহত ও একজন আহত হয় এবং ঘটনার পর থেকে আধাসামরিক বাহিনীর অন্তত ২২ জন সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।