সিনেটে সমঝোতার আশা ওবামার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:২৯
যুক্তরাষ্ট্রে কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচন নিয়ে সৃষ্ট জটিলতা এড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ওবামা এবং কংগ্রেসের নেতারা দেশের অর্থনীতিকে ‘রাজস্ব খাদে’ (ফিসক্যাল ক্লিফ) যাওয়া থেকে ঠেকানোর চেষ্টা করতে রাজি হয়েছেন। ওবামা বলেছেন, ‘ফিসক্যাল ক্লিফ’ এড়ানোর ব্যাপারে তিনি ‘পরিমিত-ভাবে আশাবাদী’। তিনি আরো জানান, সিনেট নেতৃবৃন্দ একটি বিল তৈরির কাজ করছে যা কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পেতে পারে। যদি সমঝোতায় পৌঁছানো না যায়, তাহলে কর বৃদ্ধি ঠেকাতে দ্রুত একটি ভোটের ব্যবস্থা করবেন বলেও প্রসিডেন্ট জানি-য়েছেন। যুক্তরাষ্ট্রে মনোযোগের কেন্দ্রবিন্দু এখন সিনেট। সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক দলের নেতা হ্যারি রিড এবং রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল। এই বছর শেষ হওয়ার আগেই তারা উভয়েই রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের বিষয়টি অনুমোদন করার চেষ্টা করবেন। আগামী সোমবারের মধ্যে উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রে আবার একটি মন্দা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে অর্থনীতি বিশ্লেষ-করা আশংকা করছেন।