চীনে ইন্টারনেট ব্যবহারে কঠোর আইন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:২৯
চীনের নতুন নেতারা ইন্টারনেট ব্যবহার আইন কঠোর করেছেন। ওয়েবে অবৈধ তথ্যসম্বলিত কোনো পোস্টিং বা পেজ সরিয়ে দেয়াও ‘বৈধ’ করা হয়েছে। সেসঙ্গে শাস্তির ব্যবস্থা করার জন্য ইন্টারনেট সেবাদানকারীদেরকে কর্তৃপক্ষের কাছে এ ধরনের অবৈধ তথ্য তুলে দিতেও বলা হয়েছে। নতুন করে কার্যকর করা হয়েছে ব্যবহারকারীদের আসল নাম ব্যবহারের পুরনো নিয়ম।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা। কিন্তু চীনের নতুন নেতারা ইন্টারনেটকে হুমকি হিসেবেই দেখছেন। তাদের নতুন এ পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ওয়েবসাইট-গুলোতে চীনের কমিউনিস্ট পার্টির দুর্নীতির কিছু তথ্য প্রকাশিত হয়ে ছড়িয়ে পড়ে এবং এর ফলে গণবিক্ষোভের সূচনা হয়।