বেনজির হত্যা

তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা দিয়েছেন জারদারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা প্রতিবেদন প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও তার স্বামী আসিফ আলি জারদারি। গত বৃহস্পতিবার তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আয়োজিত তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট জারদারি স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে তা প্রকাশ করতে দেননি বলে পাকিস্তানের একটি সংবাদপত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। সমপ্রতি জারদারি ও মালিকের মধ্যে মতবিরোধ বাড়ছে। এমন সময়ে জারদারি তাকে ওই প্রতিবেদন প্রকাশে বাধা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির উর্দু ভাষার সংবাদপত্র ‘দি এক্সপ্রেস’। বৃহস্পতি-বার দেশটির সিন্ধু প্রদেশের গাহরি খুদা বাক্স গ্রামে পারিবারিক সমাধিক্ষেত্রের বাইরে পিপিপি সমাবেশ শুরু করার আগ মুহূর্তে মালিককে এ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এর আগে বেনজির হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মালিক। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেয়ার পর আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন বেনজির ভুট্টো। ভুট্টোর হত্যা তদন্ত পরিচালনা করেছে দেশটির সরকারি গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সমাবেশের আগে কয়েকদিন ধরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মালিক। কয়েক শ’ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে তিনি ব্যক্তিগতভাবেও এ কাজের তত্ত্বাবধান করেছেন। পিপিপি’র নেতা ও সাংবাদিকদের মাঝে এ প্রতিবেদনটির কপি বিতরণ করতে চেয়েছিলেন মালিক।