সিরিয়ায় রাজনৈতিক স্থিতি ফিরাতে সকলের প্রতি ব্রাহিমির আহ্বান

সিরিয়া ইস্যুতে খুব শীঘ্রই যদি কোন রাজনৈতিক সমাধান না আসে তবে গভীর রাজনৈতিক সংকটের দিকে যাবে দেশটি। একটি অরাজক পরিস্থিতি বিরাজ করবে দেশটিতে। এই অবস্থায় সিরিয়ার সমস্যা নিরসন এবং স্থিরতা আনতে সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিরিয়াবিষয়ক আরব লীগের শান্তিদূত লাখদার ব্রাহিমি। গত শনিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর তিনি এসব কথা বলেন। ব্রাহিমি বলেন, আমাদের সকলকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে হবে এবং সেটা হবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর দ্রুত যদি এ পদক্ষেপ নিতে ব্যর্থ হই তবে দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এ প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, বাশার সরকার ক্ষমতায় থাকতে বদ্ধপরিকর। কোন প্রভাব খাটিয়ে তাকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না এবং তার এ অবস্থান থেকে সরে আসারও কোন সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, সম্মুখযুদ্ধ বেড়েই চলেছে। তারপরও আমি মনে করি রাজনৈতিক সমাধানের জায়গা আছে। তবে মস্কোতে আলোচনায় বসতে সিরিয়ার বিরোধী দলের রাজী না হওয়ায় আমি বিস্মিত হয়েছি। এ প্রসঙ্গে সিরিয়া ন্যাশনাল কোয়ালিশনের প্রধান আহমেদ মুয়াজ আল খতিব স্পষ্ট করে বলেছেন, তারা মস্কোতে কোন আলোচনায় বসবে না। তাছাড়া আসাদ সরকারের প্রতি সমর্থন দেয়ায় রাশিয়ার ক্ষমা চাওয়া উচিত। দেশটির গণহত্যার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করারও আহ্বান জানানো হয়। এদিকে আলোচনা ফলপ্রসূ হলেও আসাদ বাহিনীর হামলা বেড়েই চলেছে। তারা হমসের একটি এলাকা দখলে নিয়েছে।