পাকিস্তানে অপহূত ২১ পুলিশকে
হত্যা করেছে তালেবান
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৬
পাকিস্তানের পেশোয়ার শহরের নিকট থেকে অপহূত আধাসামরিক বাহিনীর অন্তত ২১জন পুলিশকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। শনিবার তাদের হত্যা করা হয় বলে পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে বিবিসি অনলাইন।
বৃহস্পতিবার পেশোয়ারের দক্ষিণে আফগান সীমান্তের নিকটবর্তী তিনটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে আঞ্চলিক আধাসামরিক বাহিনীর ২২ পুলিশকে ধরে নিয়ে যায় পাকিস্তানি তালেবান। রকেট চালিত গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল সজ্জিত প্রায় দুইশ’ জঙ্গি ওই হামলায় অংশ নেয়। হামলায় আধাসামরিক বাহিনীর ২ সদস্য নিহত ও একজন আহত এবং অন্তত ২২জন নিখোঁজ হয়। অস্ত্রশস্ত্র লুট করে তল্লাশি চৌকিগুলোতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। ওই ২২জনের মধ্যে ২০জনকে হত্যা করলেও বাকি দুইজন পালাতে সক্ষম হয় বলে জানা গেছে, এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।
অপহূত পুলিশদের উদ্ধারে অভিযান শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু জীবিত উদ্ধার করার বদলে তাদের মৃতদেহ খুঁজে পায় সেনারা। প্রাদেশিক সরকারের কর্মকর্তা নাভিদ আকবর জানিয়েছেন, যে তল্লাশি চৌকিগুলো থেকে পুলিশদের অপহরণ করা হয়েছিল তার প্রায় চার কিলোমিটার দূরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
গত আগস্টে অপহূত ১২ সেনার দেহ থেকে বিচ্ছিন্ন মাথার ছবিসম্বলিত ভিডিও ফুটেজ প্রকাশ করে তালেবান জঙ্গিরা। তখন বাজোর উপজাতীয় এলাকায় ১৫ সেনা নিখোঁজ হয়েছিল। গত দু’সপ্তাহ ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাংশে জঙ্গি হামলা অত্যন্ত বেড়েছে। শনিবার পেশোয়ারে একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী হামলায় জনপ্রিয় নেতা বশির বিলওয়ার নিহত হন। তালেবান জানায়, তাদের এক নেতা হত্যার প্রতিশোধ ঐ হামলা। উল্লেখ্য, জঙ্গিদের সাথে সংঘর্ষে এ পর্যন্ত পাকিস্তানে প্রায় ৩ হাজার সেনা নিহত হয়েছে।\