দাগেস্তানে রুশ পুলিশের
গুলিতে শিশু জিম্মিকারী
৭ জঙ্গি নিহত
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৬
ছয় বছরের এক শিশুকে জিম্মিকারী সাত জঙ্গিকে হত্যা করেছে রাশিয়ার পুলিশ। কোনো আঘাত ছাড়াই শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। শনিবার রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রদেশের রাজধানী মাখাচাকালায় এ ঘটনা ঘটে বলে দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির এক কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন।
মাখাচাকালার একটি অ্যাপার্টমেন্ট ভবনের দেয়াল ভেঙ্গে একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে জঙ্গিরা। সেখানে ছয় বছরের ওই শিশুটিকে জিম্মি করে তারা। “এমতাবস্থায় বিশেষ বাহিনীর সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানে শিশুটিকে উদ্ধার করে ডাকাতদের নিষ্ক্রিয় করা হয়,” বলেন, সন্ত্রাসবিরোধী কমিটির একজন প্রতিনিধি।
নিহত সাত জঙ্গির নেতার নাম গাজিমুরাত দোলগাতোভ বলে জানা গেছে। দোগলাতোভ নিজেও নিহত হয়েছেন। নিহতরা সবাই দাগী অপরাধী বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। খুন, ছিনতাই, চুরি ও ডাকাতি ইত্যাদি অপরাধের জন্য এরা সবাই বিভিন্ন মেয়াদে জেল খেটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।