বিশ্বচিত্র : ফিরে দেখা ২০১২

বিশ্ব রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা থেকে শুরু করে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, বিনোদন জগতের অনেক প্রাপ্তি ও হারানোর বছর ছিল ২০১২। ঘটনাবহুল এ বছরটিতে প্রাকৃতিক বিপর্যয়েরও কমতি ছিল না। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় কয়েকটি অর্জনের বছর ছিল এটি। খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের। বছরজুড়েই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ছিল সিরিয়ার গৃহযুদ্ধ। ২০১১ সালের ‘আরব বসন্তে’র হাওয়ায় সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলন গত বছর ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন ও তুরস্কে পালিয়ে যেতে বাধ্য হয়। নভেম্বরের শুরুর দিকে ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষও ছিল আরেকটি আলোচনার বিষয়। আটদিনের এ সংঘর্ষে ৩৭ শিশুসহ ১৬২ জন ফিলিস্তিনি ও ৫ ইসরাইলি নিহত হয়। এর কিছুদিন পরেই জাতিসংঘের ‘পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত হয় ফিলিস্তিন। আরেকটি বিষয় আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত হয়। তাহলো মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তালেবান জঙ্গিরা। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এছাড়া রয়েছে মিয়ানমারের জাতিগত ও সামপ্রদায়িক সংঘাত, বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, চীনের নেতৃত্ব বদল, মিসরের প্রথম গণতান্ত্রিক নির্বাচন, দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী নির্বাচন, উত্তর কোরিয়ার রকেট উেক্ষপণ প্রভৃতি। ২০১২ সালকে আবার হামলা ও দুর্ঘটনার বছরও বলা যেতে পারে। বছরের শুরুতেই ইটালির তাস্কান উপকূলে প্রমোদতরী দুর্ঘটনায় অন্তত ৩২ যাত্রী নিহত হয়। বছরের শেষে কানেটিকাটের একটি এলিমেন্টারি স্কুলে ঢুকে এক বন্দুকধারী ২০ শিশুসহ ২৮ জনকে হত্যা করে। এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করার ঘোষণা দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া রয়েছে নিউইয়র্কে ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডব, ফিলিপাইনে বোপার আঘাত, ইউরো জোনে অর্থনৈতিক সঙ্কট, উত্তর কোরিয়ার রকেট উেক্ষপণ। সবচেয়ে বেশি যে ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে তাহলো ভারতে মেডিক্যাল শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে তুমুল আন্দোলন। তবে সংকট, সংঘাত থাকলেও অর্জনও কম নেই। চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরি হয় ঐ বছরে। বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারে ভূষিত হন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ও বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণাগার সার্ন। এছাড়া পৃথিবীজুড়ে নানা গুজব ও ‘পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার’ অদ্ভুত ধারণার অবসান ঘটিয়ে মেক্সিকোর ইউকাতান প্রদেশে অন্তত দুই লাখ পর্যটকের উপস্থিতিতে এক উত্সবের মধ্য দিয়ে শেষ হয় প্রাচীন মায়া সভ্যতার ৫ হাজার ১২৫ বছরের বর্ষপঞ্জি।