সংবাদ কণিকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৪১
থ্যাচারের হাসপাতাল ত্যাগ
হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ৮৭ বছর বয়সী থ্যাচার শারীরিক কিছু সমস্যা নিয়ে চলতি বছরের প্রথম সপ্তাহে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন আগে তার দেহে ছোট একটি অস্ত্রোপচার করা হয়। বিবিসি জানিয়েছে, অপারেশন সফল হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে কয়েকদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটও করেছিলেন।-পিটিআই
নতুন শারীরিক জটিলতায় শ্যাভেজ
ক্যান্সারের অস্ত্রোপচারের পর নতুন শারীরিক জটিলতায় ভুগছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। রবিবার এ তথ্য জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত ১১ ডিসেম্বর কিউবার একটি হাসপাতালে ছয় ঘণ্টাব্যাপী চতুর্থ দফায় ক্যান্সারের অস্ত্রোপচার হয় শ্যাভেজের। এরপর থেকেই অস্ত্রোপচারপরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এসব জটিলতার মধ্যে রয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসতন্ত্রের সংক্রমণ। তবে শ্বাসতন্ত্রের সংক্রমণের বিষয়টি এখন জটিল আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন নিকোলা মাদুরো।-বিবিসি
ট্রেনের ধাক্কায় ৫ হাতির মৃত্যু
ভারতের পূর্ব উড়িষ্যায় রবিবার একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় পাঁচ হাতি মারা গেছে। উড়িষ্যা ট্রেন ব্যবস্থাপনার মূখপাত্র আরএন মহাপাত্রা জানান, রাম্বাহ বনের ভিতর দিয়ে ট্রেনের লাইন অতিক্রম করতে গেলে হাতিগুলো তত্ক্ষণাত্ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই হাতিগুলো নিহত হয়। রাজ্য বন্যপ্রাণী অধিদপ্তর জানায়, এই এলাকা দিয়ে যেহেতু অনেক হাতি চলাচল করে তাই আগে থেকেই এসব এলাকায় ধীরে ট্রেন চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তা অমান্য করা হচ্ছে। উল্লেখ্য, গত পাঁচ বছরে উড়িষ্যায় ট্রেনে কাটা পড়ে ৩০০ হাতি নিহত হয়েছে।-বিবিসি
পেরুতে ভূমিকম্প
পেরুর পর্যটক এলাকা কাসকোয় ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এতে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূতত্ত্ববিদরা এ কথা জানান। রবিবার স্থানীয় সময় বিকাল চারটার দিকে কাসকো নগরী থেকে ১২৯ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ৪১দশমিক৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।-এএফপি