সংবাদ কণিকা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৭
বান কি মুনের নিন্দা
পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১৯ শিয়া ধর্মালম্বী নিহত ও ২১ জন অপহূত সৈন্যকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। পাকিস্তানে সহিংসতা বাড়ার ঘটনায় গত রবিবার তিনি এ নিন্দা জানান।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসার্কি এক বিবৃতিতে বলেন, বান পাকিস্তানে একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি পাকিস্তানে সরকার সমর্থিত একটি উপজাতীয় পুলিশ বাহিনীর ২১ সদস্যকে হত্যার ঘটনারও তীব্র নিন্দা জানান। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোলযোগপূর্ণ শহর পেশোয়ারের কাছ থেকে চলতি সপ্তাহে এসব পুলিশ সদস্যকে অপহরণ করা হয়। এ ধরনের নির্মম সহিংস ঘটনার পক্ষে কোন কারণই দাঁড় করানো যায় না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। — এএফপি
ইরাকে বোমায় নিহত ২৩
ইরাকজুড়ে জঙ্গিদের বোমা বিস্ফোরণে গতকাল সোমবার কমপক্ষে ২৩ জন নিহত এবং আহত হয়েছে ৭৬ জন। রাজধানী বাগদাদের দক্ষিণে মুসায়েব শহরে একটি বাড়ির কাছে বোমা হামলায় সুন্নী সম্প্রদায়ের একই পরিবারের ৭ জন নিহত হয়েছে। দেশটির কুর্দি অঞ্চলসহ বিরোধপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক দফা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরো তিনজন। বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৫ জন। অন্যদিকে উত্তরাঞ্চলের শিয়া অধুষ্যিত হিলা শহরে বাবলি প্রদেশের গভর্নরের গাড়িবহরের কাছে দাঁড় করে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইরাকে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে দেশজুড়ে এ বোমা বিস্ফোরণ ঘটল।
২০১৩ তেই যমজ পৃথিবী
২০১৩ তেই খোঁজ মিলবে যমজ পৃথিবীর, দাবি পুয়ের্তো রিকোর বিজ্ঞানীদের। এর আগেও বহু পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান দিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই গ্রহগুলোর আয়তন, আবহাওয়া, পরিবেশ অনেকটাই মেলে পৃথিবীর সঙ্গে। কিন্তু তাদের আশা, ২০১৩ তেই তারা সন্ধান দিতে পারবেন নতুন এক গ্রহের। পৃথিবীর পরিবর্তন হিসেবে যাকে বেছে নিতে পারে মনুষ্যজাতি। আনন্দবাজার পত্রিকা।
নোবেল জয়ী শতায়ু রিতা লেভি পরলোকে
নোবেল জয়ী ইতালীয় বিজ্ঞানী রিতা লেভি মোনতালসিনি গত রবিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর রিতা লেভি চিকিত্সা বিজ্ঞানে নোবেল জয় করেন। একমাত্র শতায়ু নোবেল জয়ী নারী বিজ্ঞানী রিতা লেভি আজীবন ইতালির সিনেটর ছিলেন। নার্ভ গ্রোথ ফ্যাক্টর (এনজিএফ) আবিষ্কারের জন্য ১৯৮৬ সালে রীতা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্ট্যানলি কোহেনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তাদের এই গবেষণা স্পাইনাল কর্ডে প্রাপ্ত আঘাত চিকিত্সা সহজ করেছে, হূদরোগ সম্পর্কে নতুন ধারণার জন্ম দিয়েছে এবং স্মৃতি ভ্রম ও জন্ম-বিকল্য চিকিত্সার দরজা খুলে দিয়েছে।