নুসরাত হত্যা: সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফী হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার কার্যক্রম এগিয়ে নিতে ও বিচারকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও আশপাশের সাক্ষ্যগ্রহণ লিপিবদ্ধ করেছে পিবিআই’র তদন্তকারী দল। 

এছাড়া রাফীর পরিবারের সদস্যদের সাক্ষ্যগ্রহণ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে দলটি। সোমবার দিনব্যাপী সোনাগাজী মাদ্রাসা ও রাফীর গ্রামের বাড়িতে গিয়ে পিবিআই’র তদন্তকারী দল এসব সাক্ষ্যগ্রহণ লিপিবদ্ধ করেন।

এ সময় পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

তদন্ত কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, মামলার বিষয়ে সাক্ষীদের সাক্ষ্য প্রদানের মতামত নেয়া হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে কেউ কেউ বিচারিক হাকিমের কাছে গিয়ে এই সময়ের মধ্যে সাক্ষ্য প্রদান করবে কিনা তার মতামত চাওয়া হয়েছে।

হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত

নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যাহত রয়েছে। এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা। এ উপলক্ষে সোমবার সকালে সোনাগাজী উপজেলার চরমজলিশ পুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

এর আগে সোনাগাজী উপজেলার দাসের হাট হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন।

ইত্তেফাক/আরকেজি