ভেনিজুয়েলায় রাজনৈতিক স্থিরতার শঙ্কা

হুগো শ্যাভেজের দেহে চতুর্থবার অস্ত্রোপচার শেষে তার শরীরে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। এতে আগামী ১০ জানুয়ারি ভেনিজুয়েলায় নতুন সরকারের নির্ধারিত শপথগ্রহণ অনুষ্ঠান এবং তাতে প্রেসিডেন্ট শ্যাভেজের যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে ফের রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। বিবিসি ও আল-জাজিরা। গত চার মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ক্যান্সার আক্রান্ত ৫৮ বছর বয়সী হুগো শ্যাভেজের দেহে চারবার অস্ত্রোপচার করা হয়েছে। গত ১১ ডিসেম্বর চতুর্থবার অস্ত্রোপচার শেষে শ্বাসযন্ত্রে সংক্রমণজনিত কারণে তিনি বর্তমানে কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিত্সাধীন। তার শরীরে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। সম্প্রতি দেশটির কেবিনেট মন্ত্রীরা ক্যারাকাসের প্রেসিডেনশিয়াল প্যালেসে এক ধর্মীয় নৈশভোজ অনুষ্ঠানে তাদের নেতার দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করেন। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবশ্য শ্যাভেজের নতুন স্বাস্থ্য জটিলতার কারণে দেশটিতে নববর্ষের সব সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করেন। তথ্যমন্ত্রী এরনেস্তোও এক অনুষ্ঠানে বলেন, নতুন বছরের আহ্বানে আমরা প্রার্থনা করছি, যাতে শ্যাভেজের স্বাস্থ্যের দ্রুত উন্নতি হয়। ভাইস প্রেসিডেন্ট মাদুরো জানান, তিনি সম্প্রতি দুইবার শ্যাভেজকে দেখে এসেছেন। প্রেসিডেন্টের অবস্থা ভালো নয়। তাকে যে ধরনের চিকিত্সা দেয়া উচিত, নতুন করে শারীরিক জটিলতা দেখা দেয়ায় তা দেয়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মাদুরো ল্যাটিন আমেরিকান স্যাটেলাইট নেটওয়ার্ক টেলিসারে বলেন, ‘ঈশ্বরের প্রতি আমাদের আস্থা অটুট। চিকিত্সকরা অকৃপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি হুগো শ্যাভেজের শারীরিক জটিলতার উত্তরোত্তর উন্নতি ঘটবে।’ তবে গণমাধ্যমে সম্প্রচারিত গুঞ্জন প্রত্যাখ্যান করে মাদুরো বলেন, ‘এটা জনমনে বিভ্রান্তি’ (মানসিক অসুস্থতা) ছড়াচ্ছে। এদিকে শ্যাভেজের নতুন করে শারীরিক জটিলতা দেখা দেয়ায় দেশটিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আগামী ১০ জানুয়ারি ভেনিজুয়েলায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু নতুন প্রেসিডেন্টের বর্তমান স্বাস্থ্য জটিলতার মুখে এই অনুষ্ঠান এবং এতে শ্যাভেজের যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, প্রয়োজনে শপথ অনুষ্ঠান পিছানো হবে। তবে বিরোধীরা বলছেন, অনুষ্ঠান পিছানো হলে তা হবে সংবিধান পরিপন্থি। অপরদিকে প্রেসিডেন্ট শ্যাভেজের সমর্থকরা তাদের নেতার বর্তমান স্বাস্থ্য জটিলতা নিয়ে উদ্বিগ্ন। তারা এ পরিস্থিতিতে দেশটিতে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে ভেবে শঙ্কিত।