যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকা আইন

ওবামার বিরুদ্ধে ইরানের তীব্র ক্ষোভ

ল্যাটিন আমেরিকায় তেহরানের কর্তৃত্বের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পাল্টা আইন পাস করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। ইরান বলছে, এই ঘটনা ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি প্রকাশ্য হস্তক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন, এটা ল্যাটিন আমেরিকা বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রকাশ্য হস্তক্ষেপ, যা প্রমাণ করে নতুন বিশ্ব সম্পর্কের সাথে তারা পরিচিত নয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এখনো ঠান্ডা যুদ্ধের যুগে বাস করছে এবং ল্যাটিন আমেরিকাকে তার বাড়ির পেছন দিকের উঠোন হিসেবে বিবেচনা করে। মেহমানপারাস্ত বলেন, তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, আজকের দুনিয়ায় সব জাতির অধিকারকে সম্মান করা। বিশ্ব জনমত এই ধরনের হস্তক্ষেপমূলক কর্মকান্ড গ্রহণ করবে না। তিনি আরো জানান, সব জাতি বিশেষভাবে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে তেহরানের সম্পর্ক ‘বন্ধুত্বপূর্ণ’ যার ভিত্তি ‘পারস্পরিক সম্মান ও স্বার্থ’। পরমাণু কর্মসূচির সন্দেহে সাম্প্রতিক সময়ে ইরান ক্রমাগতভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে আছে। এরই মধ্যে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাটিন আমেরিকায় তেহরানের কর্তৃত্বের অভিযোগে ঐ আইনটি পাস করেন। এই আইনটিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন কূটনৈতিক এবং রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে।