‘ফিসক্যাল ক্লিফ’ নিয়ে সমঝোতা
এশিয়ার পুঁজিবাজারে সূচক বেড়েছে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
‘ফিসক্যাল ক্লিফ’ ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ সমঝোতায় পৌঁছানোর পর এশিয়ার পুঁজিবাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। অনেক দেশে শেয়ারের সূচক বেড়েছে। হংকংয়ে বেড়েছে দুই দশমিক এক শতাংশ, দক্ষিণ কোরিয়ায় এক দশমিক সাত শতাংশ এবং অস্ট্রেলিয়ার বৃদ্ধি পেয়েছে ১.২ শতাংশ। যুক্তরাষ্ট্র শুধুমাত্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ নয়, এশিয়ার বেশিরভাগ রপ্তানিনির্ভর দেশের প্রধান বাজারও বটে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সমঝোতার ফলে এশিয়ার অর্থনীতি এবং উত্পাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এটা বিনিয়োগকারীদের ভয় দূর করবে। আইজি মার্কেট সিঙ্গাপুরের জেসন হিউজ বলেছেন, এটা অবশ্যই এশিয়ার পুঁজিবাজারকে চাঙ্গা করবে।