এঙ্গোলায় পদদলিত হয়ে ৪ শিশুসহ নিহত ১৩
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
নতুন বছরের প্রথম দিনের বিকেলে এঙ্গোলার রাজধানী লুয়ান্ডার একটি স্টেডিয়ামে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে পদদলিত হয়ে নিহত হয়েছেন ৪ শিশুসহ ১৩ জন। প্রচন্ড ভীড়ের চাপে পিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে সিডাডেলা ডেসপোরটিভা স্টেডিয়ামে ঢোকার পথে তারা মারা যান। আহত হয়েছেন ১২০ জন। এসময় স্টেডিয়ামে ঢোকার ৪টি গেটের মধ্যে ২টি গেটই বন্ধ ছিল। ইউনিভার্সাল চার্চ অব দা কিংডম অব গড এর বিশপ ফারনার বাটালহা বলেন, আমরা আশা করেছিলাম ৭০ হাজার লোক হবে কিন্তু অনেক বেশি লোক সমাগম সেখানে ঘটে। তিনি বলেন, চার্চের পক্ষ থেকে অনুষ্ঠানের ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। রেডক্রসের স্বেচ্ছাসেবকদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল। আমেরিকো বোয়াভিডা হাসপাতালের পরিচালক লিনা আলি নিশ্চিত করেছেন যে দুর্ঘটনা কবলিতরা শ্বাসরুদ্ধ হয়েই মারা গেছেন।