বন্ধ হয়ে যাচ্ছে সুইস ব্যাংক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:২০
অর্থ লুকিয়ে রেখে মার্কিন নাগরিকদের কর ফাঁকি দেয়ায় সহায়তা করার অভিযোগে সুইজারল্যান্ডের সবচেয়ে পুরনো ব্যাংক স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হচ্ছে। ওয়েগেলিন নামে ঐ ব্যাংকটি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে ৫৭ দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতেও রাজি হয়েছে। এই প্রথম কোনো বিদেশি ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রে কর এড়িয়ে যাওয়ার দোষ স্বীকার করলো।
সুইজারল্যান্ডের ছোট শহর সেন্ট গালেনে ১৭৪১ সালে ওয়েগেলিন ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ৩৫ বছর আগে ব্যাংকটি কাজ শুরু করে। জানা গেছে, ১০০ জনেরও বেশি মার্কিন নাগরিকের প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার লুকিয়ে রেখেছিল ব্যাংকটি। এর ফলে ১০ বছরের অধিক সময় ধরে অভ্যন্তরীণ রাজস্ব থেকে বঞ্চিত হয় যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ব্যাংকটির বিরুদ্ধে এখন ব্যবস্থা নেয়া হচ্ছে।