হাজীগঞ্জে আগুনে পুড়ল দুই গোডাউন

চাঁদপুরের হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি গোডাউন পুড়ে গেছে। আগুনে গোডাউনে থাকা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার রাত ৩টায় পৌরসভার টোরাগড় গ্রামে  আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে আলমদিনা আয়রন স্টোর ও মেসার্স আব্দুল কাদের গাজীর ভাঙ্গারি দোকানঘর ও গোডাউনে আগুনের লেলিহান দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সাথে যোগ দেয় শাহরাস্তি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা সব মামলাল পুড়ে যায়।

আরও পড়ুন: কুতুবদিয়ায় বন্দুকযুদ্ধে ফের দুই জলদস্যু নিহত

ক্ষতিগ্রস্ত আলমদিনা আয়রন স্টোরের সত্ত্বাধিকারী ইমান হোসেন জানান, আনুমানিক ১০-১২ লাখ টাকার মালামাল এবং তার গোডাউনে থাকা আউয়াল নামের এক ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্যারেট পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত অপর ব্যবসায়ী মেসার্স আব্দুল কাদের গাজী স্টোরের সত্ত্বাধিকারী আবদুল কাদেন জানান, তার গোডাউনে থাকা প্রায় ১২-১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের লিডার আব্দুল গনি জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত।

ইত্তেফাক/এমআরএম