‘শপথ নিতে না পারলেও শ্যাভেজই প্রেসিডেন্ট’

ক্যান্সারের সাথে লড়াইরত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শপথ না নিয়েও আগামী বৃহস্পতিবার থেকে নতুন মেয়াদে দায়িত্ব নিতে পারবেন। ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার ভেনিজুয়েলার সরকার এ কথা জানিয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে শ্যাভেজ আরো ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন। ক্যানসারের চিকিত্সার জন্য এখন কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন ৫৮ বছর বয়সী শ্যাভেজ। সেখানে তাঁর চতুর্থ দফা অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই তাঁর। ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর অনেকে দাবি করেছে, শ্যাভেজ দেশে না থাকায় পার্লামেন্টের স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ৩০ দিনের মধ্যে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা হোক। তবে বিরোধীদের এই দাবি নাকচ করেছেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। মাদুরো বলেছেন, বৃহস্পতিবারই শ্যাভেজের শপথ নিতে হবে এমন কোনো কথা নেই। তিনি তাঁর কার্যালয়ে সম্পূর্ণ অনুপস্থিত, এ কথা ঘোষণারও কোনো কারণ নেই। তাঁর আনুষ্ঠানিক শপথের বিষয়টি সুপ্রিম কোর্টে ফয়সালা হতে পারে। সুপ্রিম কোর্ট পরে কোনো এক সময় শ্যাভেজকে শপথ পাঠ করাতে পারবে। বিরোধীদের উদ্দেশে মাদুরো বলেন, শ্যাভেজ এখনো প্রেসিডেন্ট। জনগণকে বিভ্রান্ত করবেন না। গণতন্ত্রকে শ্রদ্ধা করুন। শ্যাভেজের স্বাস্থ্যের অবনতির সঙ্গে সঙ্গে ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক আন্দোলনে ফাটল ধরছে বলে বিরোধীদের সমালোচনার জবাবে মাদুরো বলেন, আমরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমরা আমাদের কমান্ডারকে ভালোভাবেই ফিরে পাব।