রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে পালানোর সময় কাভার্ড ভ্যান জব্দ

অভিযান চালিয়ে বিশ্ব খাদ্য সংস্থার ২৫ হাজার কেজি ডালসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামগামী মালবাহী ভ্যানটি তল্লাশি করতে গিয়ে ত্রাণের বিপুল পরিমাণ এসব মালামাল পাওয়া যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করে শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। 

কক্সবাজার ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর আশরাফ উল্লাহ রনি জানান, নিয়মানুসারে কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা টেকনাফ-কক্সবাজার সড়কের খুনিয়াপালং ইউপির মরিচ্যা গরুর হাট নামক স্থানে চেকপোস্ট বসায়। এসময় বালুখালী হতে চট্টগ্রামগামী মালবাহী কাভার্ড ভ্যানটি চেকপোস্ট এলাকায় ফেলে পালিয়ে যায় ড্রাইভার। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২৫ হাজার কেজি ডাব্লিউএফপির দেওয়া রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী (এ্যাংকর ডাল) উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালসহ ভ্যানটি বিকেলে উখিয়ার বালুখালি শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, বিশ্ব খাদ্য সংস্থা এসব মালামাল রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দিয়েছিল। কাভার্ড ভ্যানটিতে পাওয়া এসব পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা বলে দাবি করা হচ্ছে।

সূত্র মতে, এসব ত্রাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। 

উল্লেখ্য,গত বুধবার রাতেও একইভাবে অপর এক কাভার্ডভ্যানে প্রায় ২০ হাজার একর একই ধরণের ত্রাণ জব্দ করা হয়েছিল। যা একইভাবে উখিয়ার বালুখালি শুল্ক গুদামে হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/জেডএইচ