চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর হাফেজিয়া মাদ্রাসার পাশের বাঁশবাগান থেকে হাত-পা বাধা ও জ্ঞানহীন অবস্থায় মিলন হাসান (৩২) নামে এক কারারক্ষীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। মিলন হাসান উপজেলার কুড়ুলগাছি গ্রামের মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ছেলে এবং যশোর জেলা কারাগারের কারারক্ষী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রুদ্রনগর মাদ্রাসার পাশের বাঁশবাগানে হাত-পা বাধা অবস্থায় মিলন হাসানকে দেখে দামুড়হুদা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, কি কারণে তাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- কারারক্ষী মিলন হাসান গত মঙ্গলবার দিবাগত রাতে কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি আসার সময় রুদ্রনগর মাদ্রাসার নিকট পৌঁছালে দুষ্কৃতিকারীরা তাকে ধরে নিয়ে গিয়ে সব কিছু লুটপাট করে হাত-পা বেধে ফেলে রেখে গেছে।মিলন হাসানের জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ইত্তেফাক/ইউবি