সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে।
নিহত মোনায়েম হোসেন গাইন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে।
নিহতের ভাই ইউপি সদস্য গোলাম কাইয়ুম গাইন জানান, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে প্রায় ২২ বিঘা জমির একটি মৎস্য ঘের রয়েছে। এটি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ও ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের মধ্যে বিরোধ চলছে ২০ বছর ধরে। এর জের ধরে মঙ্গলবার রাতে ইউপি সদস্য নজরুল ইসলাম গাইনের দখলে থাকা মৎস্য ঘেরটি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানার পক্ষে লিটন সানা, হবি মোল্যাসহ ৪০/৪৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘেরটি দখলে নেয়।
এরপর বুধবার সকালে ইউপি সদস্য নজরুল ও তার লোকজন আবারও ঘেরটি পাল্টা দখলে নেয়। এ সময় চেয়ারম্যান মোনায়েম সানার লোকজন পালিয়ে যাওয়ার সময় মোনায়েম হোসেন গাইনকে একা পেয়ে পেছন দিক থেকে তার মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তার চাচা রুহুল আমিন গাইন বাদী হয়ে থানার একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে, ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন।
আরও পড়ুন: নুসরাত হত্যা: এডিসি ও এসপি-ওসির গাফিলতি, শাস্তির সুপারিশ
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি