ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের কারণে ইরানে হামলা করা কিংবা দেশটিকে একঘরে করার চেষ্টার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোয় হামলার প্রস্তুতি নেয়া কিংবা হামলা চালানো মারাত্মক বিপজ্জনক। এ ধরনের কোনো কিছু না ঘটুক তেমনটিই আমরা আশা করি। বার্ষিক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি থামাতে সেখানে আগবাড়িয়ে সামরিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে বরাবরই অটল মনোভাব দেখিয়ে আসছেন। বুধবার ইসরাইলের সাধারণ নির্বাচনে দলের বিজয় স্পষ্ট হয়ে ওঠার পরপরই এক ভাষণে তিনি বলেছেন, নতুন সরকারের প্রধান লক্ষ্যই হবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা। তার এ বক্তব্যের পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ওই হুঁশিয়ারি এল।
নেতানিয়াহুর জোট গঠন নিয়ে আলোচনা শুরু
ইসরাইলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল জয়লাভ করেছে। এখন তিনি জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরু করেছেন। নবগঠিত কয়েকটি দলসহ মধ্য-বামপন্থি দলগুলো এবারের নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের শক্তিশালী ভিত নাড়িয়ে দিয়েছে। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল ব্যাপক। তাদের বেশির ভাগ ভোটই গেছে লেবার আর মধ্যপন্থি দলগুলোর বাক্সে। এখন নতুন সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট শিমন প্যারেজ নেতানিয়াহুকেই আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।
ইসরাইলে মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ১২০ আসনের সংসদ নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ-বেইতেনু জোট ৩১টি আসন পেয়েছে। তবে তারা আগের এক চতুর্থ আসন হারিয়েছে। মধ্য বামপন্থি নতুন দল ইয়েশ আতিদ পেয়েছে ১৯টি আসন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে তারা একটি আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন। এতে সরকারের শরীক ধর্মীয় দলগুলো আপত্তি জানায়। সরকার গঠনের জন্য নেতানিয়াহুর জোটে নবগঠিত জাতীয়তাবাদী দল হাবায়িত হ্যায়উদিকে জায়গা দিতে হবে, কারণ দলটি ১১টি আসন পেয়েছে। এছাড়া বামপন্থি লেবার পার্টি পেয়েছে ১৫টি আসন। শাশ পেয়েছে ১১টি আসন। বাকি আসন পেয়েছে অন্যান্য ছোট ছোট দল।