কামরান ফয়সালের মৃত্যুর তদন্ত করবে সুপ্রিম কোর্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের ঘটনাটি তদন্ত করবে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী বলেছেন, সরকারের তদন্ত অবাধ ও নিরপেক্ষ হবে না। গত বুধবার তিনি প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি দুর্নীতি মামলার শুনানির সময় তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের সন্দেহজনক মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুমকি দিয়েছে লাহোর হাইকোর্ট। সুপ্রিম কোর্টের তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তার পরিবার ও সহকর্মীরা। কামরান ফয়সালের মৃত্যুর ঘটনাটি পৃথক তদন্তের দাবিতে ধর্মঘট করছিলেন তার অনেক সহকর্মী। গত শুক্রবার সরকারি হোস্টেল থেকে কামরান ফয়সালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।