ইয়েমেনে ড্রোন
হামলায় ৬ জঙ্গি
নিহত
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩৭
ইয়েমেনে ড্রোন হামলায় ৬ আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। বুধবার এই হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এ নিয়ে চলতি সপ্তায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্ততপক্ষে ২০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। কয়েক বছর ধরেই ইয়েমেনের জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে দেশটিতে এ ধরনের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কখনোই কোনো মন্তব্য করে না। ২০১১ সালে ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে দেশটির সোয়াত উপত্যকা দখল করে নেয় আল কায়েদা। এই উপত্যকাটি ইয়েমেনের দক্ষিণাংশে অবস্থিত। এরপর থেকেই সংগঠনটিকে নিশ্চিহ্ন করতে আকাশ হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানার নিকটবর্তী প্রত্যন্ত অঞ্চলের একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। একটি সূত্র জানায়, ‘গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাড়িতে থাকা আরোহীরা সবাই পুড়ে গেছে ফলে তাদের সনাক্ত করাও সম্ভব হচ্ছে না।’ চলতি সপ্তাহে শনিবার থেকে প্রায় প্রতিদিনই আল কায়েদার সম্ভাব্য জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে আসছে।
ইয়েমেনের স্থিতিশীলতা ও নিরাপত্তা যুক্তরাষ্ট্র এবং তার উপসাগরীয় মিত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক রাষ্ট্র সৌদি আরবের নিকটবর্তী। সেই সঙ্গে তেল সরবরাহের পথের নিরাপত্তাও যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। সেই সঙ্গে ইয়েমেনের আল কায়েদাই বর্তমানে সবচেয়ে সক্রিয়।