ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গা, নিহত ৫০

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ৫০ ব্যক্তি নিহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। দেশটির কারামন্ত্রী ইরিস ভারেলা বলেছেন, বারকুইসিমেতোর উরিবানা কারাগারে অস্ত্র তল্লাশির জন্য সেনা পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর সম্প্রচার করার পরই দাঙ্গার সূত্রপাত হয়। হাসপাতাল পরিচালক রয় মেডিনা জানিয়েছেন, দাঙ্গায় প্রায় ৯০ জন মানুষ আহত হয়েছেন। তাদের অধিকাংশই গোলাগুলির কারণে আহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দিসহ কারাগারের বাসিন্দা, রক্ষী ও কারাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে। ভেনেজুয়েলায় কারাবন্দীদের অধিকার নিয়ে কাজ করা ‘অ্যা উইন্ডো টু ফ্রিডম’ নামে একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক কার্লোস নিয়েতো পালমা জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উরিবানা কারাগার দেশটির সবচেয়ে বিপজ্জনক কারাগার বলে চিহ্নিত। ওই কারাগারে উল্লেখযোগ্য সংখ্যক সহিংসতার ঘটনা রয়েছে।