সেনাবাহিনীর প্রতি আমি এখনো অনুরক্ত :সু চি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি বলেছেন, আমি এখনও আমার দেশের সেনাবাহিনীর প্রতি অনুরাগী। যদিও এই সেনাবাহিনীই আমাকে ১৫ বছর গৃহবন্দী করে রেখেছিল। তারপরও এই বাহিনীর প্রতি আমার কোন আক্ষেপ নেই। বিবিসি রেডিও ফোর এসকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
অং সান সু চি বলেন, বৌদ্ধ ধর্মের প্রতি আমার একনিষ্ঠ বিশ্বাসই মিয়ানমারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমাকে সংগ্রামে সাহায্য জুগিয়েছে। পরবর্তীতে সংসদে আসন পাওয়ার মাধ্যমে আমি এর মোকাবিলা করি। নোবেল শান্তি জয়ী সু চি বলেন, আমার বাবা অং সান ছিলেন আধুনিক বার্মার জনক। তিনিই এই সেনাবাহিনীকে প্রতিষ্ঠা করেছিলেন। আমি তাই এই বাহিনীকে এখনও শ্রদ্ধার চোখে দেখি। ডিসেম্বরে তার বাসায় রেকর্ডকৃত ওই অনুষ্ঠানে (যা রবিবার প্রচার করা হয়) তিনি বলেন,আমার এটা স্বীকার করতে আপত্তি নেই যে এখনও আমি এই বাহিনীকে যথেষ্ট ভালোবাসি। তিনি বলেন, জনগণ হয়তো আমার এ কথাকে ভালোভাবে নিবেন না। তারা হয়তো আমার এ বিষয়ে বিরূপ মন্তব্য করবেন। তারপরেও আমি বলছি,সত্য হচ্ছে এটা যে আমি সেনাবাহিনীর প্রতি অনুরক্ত। কারণ আমি সবসময়ই বিশ্বাস করি যে এই সেনাবাহিনী হচ্ছে আমার বাবার। তিনিই এর প্রতিষ্ঠাতা। তিনি বলেন, আর্মি যখন এখানে নানা ধরনের অঘটন ঘটাতো তখনও আমি বিশ্বাস করতাম তারা এ রূপ পাল্টাবে। তারা তাদের কাজের জন্য অনুশোচনা করবে।