পাকিস্তানে ফয়সালের মৃত্যুতে হত্যা মামলা

পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (ন্যাব) সহকারী পরিচালক কামরান ফয়সালের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সুুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করায় এই মামলা হয় বলে জানা গেছে। ন্যাবের অতিরিক্ত পরিচালক (সমন্বয়) নোমান আসলামের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত হয়।—খবর ডন অনলাইনের। নোমান আসলাম বলেন, কামরান ফয়সালের মৃত্যু নিয়ে অনেক গুজব ও সন্দেহ দানা বাধায় আমি রাষ্ট্রের তরফ থেকে নির্দেশিত হয়ে এই মামলা দায়ের করেছি। তিনি বলেন, তার মৃত্যু একটি হত্যাকান্ড হতে পারে। এ কারণে তার মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে এ মামলা করা হয়েছে। আর এর মধ্য দিয়ে বেরিয়ে আসবে এটা কি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোন শক্তি রয়েছে। যদি দেখা যায় যে তিনি কারো প্ররোচনায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাহলে তার বিরুদ্ধে খুনের মামলা দেয়া হবে। তিনি বলেন, সত্য উদঘাটনে ন্যায়ের স্বার্থে এ মামলা করা হয়েছে।