সংবাদ কণিকা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
‘বার্মা নয় মিয়ানমার
‘বার্মা’ বলে অভিহিত করায় শনিবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতির প্রতিক্রিয়ায় মিয়ানমার এ সমালোচনা করে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশের মত যুক্তরাষ্ট্রেরও উচিত মিয়ানমারকে তাদের রাষ্ট্রীয় নামে ডাকা। —রয়টার্স
অল্প বয়সী নারী গৃহকর্মী সৌদিতে পাঠাবে না শ্রীলঙ্কা
২৫ বছরের কম বয়সী নারীদের সৌদি আবে গৃহকর্মী হিসেবে প্রেরণে নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার সরকার। সৌদি আরবে কাজ করার সময় শ্রীলঙ্কার এক নারী গৃহকর্মীর ঐ দেশের এক শিশুকে হত্যার দায়ে চলতি মাসে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যার ফলে শ্রীলঙ্কার সরকার ঐ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন।—আল জাজিরা
বিহারে শ্রমিক অপহরণ
বিহারে মাওবাদীরা একটি সড়ক সেতু নির্মাণাধীন এলাকা থেকে ৭ শ্রমিককে শনিবার রাতে অপহরণ করেছে। জামু জেলার পুলিশ সুপার উপেন্দ্র শর্মা এ কথা জানিয়ে বলেন, পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা করছে। —পিটিআই
নাজি অপরাধ ভুলে যাওয়ার নয়:মার্কেল
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল শনিবার বলেছেন- নাজি আমলের অপরাধের কথা স্মরণ রাখা জার্মানির সকল নাগরিকের দায়িত্ব। এরকম ইতিহাসের অন্ধকার অধ্যায় যেন আবার না ফিরে আসে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। হিটলারের ক্ষমতায় আসার ৮০ বছর পূর্তির দিনে মার্কেল তার ব্যক্তিগত ওয়েবসাইটে বলেন, প্রজন্মের পর প্রজন্মকে নাজিদের অপরাধের কথা স্মরণে রাখতে হবে। — সিনহুয়া