হিলারি অসামান্য ভূমিকা রেখেছেন :ওবামা

একটি যৌথ সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন,পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন হিলারি। সিবিএসকে দেয়া সাক্ষাত্কারে ওবামা হিলারির নিয়মানুবর্তিতা, অদম্য মানসিক শক্তি, সত্যবাদিতা এবং সামর্থ্যের প্রশংসা করেন। সাক্ষাত্কারে ২০১৬ সালে হিলারি প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা এধরনের প্রশ্নের জবাব দু’জনই এড়িয়ে যান। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠতম পররাষ্ট্রমন্ত্রীদের একজন হিলারি। তার অভাব আমি অনুভব করবো। তিনি পাশে থাকলে ভালো হতো। ওয়াশিংটনে বিবিসি’র প্রতিনিধি জেন জানান, অনেকে ধারণা করছেন তাদের এই যৌথ সাক্ষাত্কার ২০১৬ সালের নির্বাচনে হিলারির অংশগ্রহণের ইঙ্গিত বহন করে। নির্বাচন করবেন না এমন কিছু হিলারি বলেননি। তিনি জানান, দেশের ভবিষ্যত্ নিয়ে তারা উভয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করেন। আমি কিংবা প্রেসিডেন্ট কেউই জানি না আগামীকাল অথবা আগামী বছর কি হবে,বলেন হিলারি। এক প্রশ্নের জবাবে ওবামা কৌতুক করে বলেন, আপনারা সাংবাদিকরা বদলাবেন না। ক’দিন হলো শপথ নিয়েছি আর এরই মাঝে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন শুরু করেছেন। ওবামা ২০০৮ সালে ডেমোক্রেট দলের নমিনেশন পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় হিলারিকে পরাজিত করেন। এরপর দেশের পররাষ্ট্রমন্ত্রী করেন হিলারিকে। ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই হিলারি পদত্যাগ করবেন। তার স্থলাভিষিক্ত হবেন জন কেরি।