ব্রাজিলের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনদিনের জাতীয় শোক, তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর সান্তা মারিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩১জন নিহতের ঘটনায় দেশটি তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী দিলমা রউসেন চিলি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। এছাড়া সান্তা মারিয়ায় ৩০দিনের শোক পালন করার ঘোষণা দেয়া হয়েছে। এ ঘটনায় দেশটির রাজধানীতে সোমবারের একটি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ক্লাবটিতে একটি ব্যাণ্ডদল গান গাওয়ার সময় আতশবাজিতে ঐ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জানান, নিহতের অধিকাংশ ছাত্র। তারা শ্বাসজনিত সমস্যায় ও পদদলিত হয়ে মারা যান। পাঁচ দশকের মধ্যে ব্রাজিলে এটাই ছিল সর্বোচ্চ অগ্নিকাণ্ডের ঘটনা।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জনাকীর্ণ এই নাইটক্লাবটি থেকে বের হওয়ার মাত্র একটি দরজা ছিল এবং অগ্নিকাণ্ডের পরপর ঐ দরজা দিয়ে বের হতে গিয়ে অনেকেই ক্লাবকর্মীদের বাঁধার সম্মুখীন হয়েছে। তাছাড়া ঐ নাাইট ক্লাবটিতে অগ্নিনিরাপত্তা লাইসেন্সের মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে। ঐ ঘটনায় নিহতদের অধিকাংশের বয়স ছিল ১৬ থেকে ২০ বছরের মধ্যে। কিন্তু ক্লাবটিতে ঐ বয়সীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।
ব্রাজিলের প্রাদেশিক রাজধানী পোর্তো এলেগ্রে থেকে ৩শ’ কিলোমিটার পশ্চিমে সান্তা মারিয়া শহরের বোয়াতে কিস নাইটক্লাবে চলা আতশবাজি প্রদর্শনীতে আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সময় ক্লাবটিতে আনুমানিক ৫শ’ মানুষ ছিল। আগুন লাগার পর ধোঁয়ায় কক্ষ পরিপূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই বাইরেও বেরোতে পারেনি।