কারগিল যুদ্ধে ব্যর্থতার জন্য দায়ী মোশাররফ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
কারগিল যুদ্ধে ব্যর্থতার জন্য এবার পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মোশাররফকে দায়ী করলেন দেশটির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শাহিদ আজিজ। ‘৯৯-এর এই যুদ্ধের সময় আইএসআইয়ের অ্যানালাইসিস উইংয়ের প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের এক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে তিনি এসব কথা বলেন। খবর বর্তমান পত্রিকার।
শাহিদ আজিজ বলেন, কারগিল যুদ্ধকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। এ যুদ্ধে কোন মুজাহিদিন বা জেহাদি জঙ্গির অংশগ্রহণ ছিল না। পাকিস্তান সেনাবাহিনীর নিয়মিত সদস্যরাই ওই ‘অর্থহীন’ যুদ্ধে অংশগ্রহণ করেছে।
সেনাবাহিনীর তত্কালীন প্রধান হিসাবে কারগিল যুদ্ধের গোটা ঘটনাপ্রবাহকে চাপা দেয়ার চেষ্টা করেছিলেন মোশাররফ। তিনি বলেন, কারগিল সম্পর্কে সব সত্যি কথা এখনো মানুষ জানেন না। নিবন্ধে তিনি বলেন, পারভেজ মোশাররফই সে সময়ে পাকিস্তান সেনাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন । তার ব্যক্তিগত মত ও স্বার্থ সিদ্ধির কারণেই কারগিল যুদ্ধে সামরিক পরিকল্পনার কোন ছাপ ছিল না। সামান্য প্রস্তুতি নিয়ে ভিত্তিহীন কিছু ধারণার বশবর্তী হয়ে সেনাবাহিনীকে কারগিল যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিলেন মোশাররফ। আর তার জন্যই এই যুদ্ধে পাকিস্তান ব্যর্থ হয়েছে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সত্য গোপন করার যে অভিযোগ তিনি তুলেছেন এরই মধ্য দিয়ে আগামীদিনে পাকিস্তানের রাজনীতিতে মোশাররফের প্রত্যাবর্তন আরো দুরূহ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।