তুরস্কে ন্যাটোর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কার্যকর

সিরিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য তুরস্কে পাঠানো ছয়টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সাজ-সরঞ্জামের একটি এখন কার্যকর। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ন্যাটো। নেদারল্যান্ডে প্রস্তুতকৃত এই ক্ষেপণাস্ত্র সাজ-সরঞ্জাম সম্পর্কে ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, এটা দক্ষিণাঞ্চলীয় নগরী এবং আডানার জনগণকে ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে রক্ষা করতে সহযোগিতা করবে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ-বিদ্রোহের ফলে প্রায় দু’বছর ধরে সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ চলছে। সিরিয়ার সরকারি বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও গোলা প্রতিবেশী দেশ তুরস্কের অভ্যন্তরে এসে পড়েছে। বিশেষ করে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় নগরী আডানায় নিয়মিতভাবে এই ধরনের হামলা হয়েছে বলে তুরস্ক অভিযোগ করেছে। এই প্রেক্ষাপটে ন্যাটো সেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসম্বলিত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করার সিদ্ধান্ত নেয়। শত্রুপক্ষের মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।