২৬/১১’র অপরাধীদের বিচার একটি অসমাপ্ত কাজ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২৬/১১’র অপরাধীদের বিচার এখনও একটি অসমাপ্ত কাজ হয়ে আছে। আমরা এ বিষয়টিকে অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এই হামলার মূল হোতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলির শিকাগো কারাগারে ৩৫ বছরের সাজা হয়েছে। এই সাজাপ্রাপ্তির কয়েকদিন পরই তিনি এই মন্তব্য করলেন। মঙ্গলবার এনডিটিভির সাংবাদিক বারখা দত্তের সঙ্গে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
ডেভিড হেডলির বিষয়ে হিলারি ক্লিনটন এই মামলায় হেডলির রায় হয়ে যাওয়ার মানে এই নয় যে, আমরা বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছি। প্রকৃতঅর্থে এটি আমাদের কাছে অত্যন্ত অগ্রাধিকারপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। বারাখা দত্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন যে, আপনার মেয়াদকালে আপনি কি নিজেকে স্বার্থক বলে মনে করেন যে, ২৬/১১-এর অপরাধীদের আপনি বিচারের আওতায় আনতে পেরেছেন? অথবা আপনি কি মনে করেন আরো বেশি সময় পেলে আরো বেশি কিছু করতে পারতেন? এর উত্তরে হিলারি ক্লিনটন বলেন, আমি মনে করি এটা একটা অসমাপ্ত কাজ।
তিনি বলেন, আমরা পাকিস্তানকে বরাবরই চাপ দিয়ে আসছি। কারণ সেখানে অনেক সন্ত্রাসীর অভয়াশ্রম রয়েছে। এছাড়া এটি পাকিস্তান সরকারের স্থিতিশীলতার ক্ষেত্রেও মারাত্মক হুমকিস্বরূপ। শুধু পাকিস্তান নয়, এটি ভারত ও আফগানিস্তানের জন্য একই কারণও বটে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের জন্যও গভীর উদ্বেগের বিষয়। উল্লেখ্য, ২০০৮ সালে ঐ জঙ্গি হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।