অস্ট্রেলিয়ার নির্বাচন
১৪ সেপ্টেম্বর
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪১
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড আগামী ১৪ সেপ্টেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। ১২ আগস্টের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য গভর্নর জেনারেল কোয়েনটিন ব্রিসকে নির্দেশ দিবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার ক্যানবেরার ন্যাশনাল প্রেসক্লাবে ২০১৩ সালের প্রথম বড় ধরনের বক্তৃতায় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড প্রায় আট মাস আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে চমক সৃষ্টি করেন। ২০১০ সালের আগস্টে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তী নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে হতে হবে। কিন্তু আগে-ভাগেই গিলার্ডের এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, নির্বাচন নিয়ে দেশবাসীকে তিনি অনিশ্চয়তার মধ্যে রাখতে চান না।
গিলার্ড তার বক্তৃতায় বলেন, দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে আট মাস আগে সাধারণ নির্বাচনের এই ঘোষণা নয়, এই ঘোষণা শুধু পরিকল্পনা সম্পর্কে ধারণা দেবে। তিনি আরো বলেন, আমি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে পুরো জাতি যেন নোংরা রাজনীতি ছেড়ে খুব সহজেই নীতি ও কর্মসূচির উপর দৃষ্টি দিতে পারে।