ছয় মাসের মধ্যেই অভিবাসন আইন সংস্কার হবে — ওবামা

ছয় মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। স্প্যানিশ ভাষার টিভি চ্যানেল টেলেমান্ডোকে বুধবার দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। মঙ্গলবার অভিবাসন আইন সংস্কারের পক্ষে সমর্থন দেয়ার একদিন পরই ওবামা সময়সীমা উল্লেখ করে এই মন্তব্য করলেন। হিস্পানিক ভোটারদের ক্রমবর্ধমান প্রভাবই যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সংস্কারের একটা গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে। টেলোমান্ডো টিভি চ্যানেলকে দ্বিতীয়বার দেয়া ঐ সাক্ষাত্কারে ওবামা বলেন, ২০১৩ সালেই সংস্কার আইনটি পাস হওয়া উচিত এবং খুব দ্রুত একটি চুক্তি করার জন্য তিনি ‘সবকিছু’ করবেন। তিনি আরো বলেন, চুক্তির ক্ষেত্রে বাধা যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কৌশলগত। ওবামা জানান, সংস্কারের লক্ষ্যে তিনি ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওসহ সকল রাজনীতিককে সাথে নিয়ে কাজ করবেন। গত মঙ্গলবার নেভাদার লাসভেগাসের একটি স্প্যানিশ হাইস্কুলে দেয়া এক বক্তৃতায় অভিবাসন আইন সংস্কারের পক্ষে সমর্থন দেন ওবামা।