সংবাদ কণিকা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
সিদ্ধান্তহীনতা নিয়ে হুঁশিয়ারি
তেলেঙ্গানা রাজ্য গঠন সম্পর্কে সিদ্ধান্তহীনতা নিয়ে কেন্দ্র তথা কংগ্রেসকে সতর্ক করলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তিনি বলেন, পৃথক তেলেঙ্গানা গঠন নিয়ে টালবাহানা করে কোন লাভ হবে না। তিনি বলেন, এ নিয়ে দেরি করলে উল্টো ফল হবে। এই প্রথম তেলেঙ্গানা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানালেন ইউপিএ জোটের শরিক। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেও পাওয়ার আসলে সোনিয়া গান্ধীর কাছে বার্তা পৌঁছাতে চাচ্ছেন বলে মনে করছেন রাজনীতিবিদরা। কারণ তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে সোনিয়া গান্ধীরও। আনন্দবাজার পত্রিকা
চীনে সেতু ধসে নিহত ২৬
চীনে আতশবাজি ভর্তি ট্রাক বিস্ফোরিত হয়ে ধসে পড়েছে একটি সেতু। এ ঘটনায় কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে। শুক্রবার মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি এক্সপ্রেসওয়ে (মহাসড়ক) সেতুর উপর দিয়ে আতশবাজি ভর্তি ট্রাকটি যাওয়ার সময় হঠাত্ বিস্ফোরিত হয়। চীনের জাতীয় রেডিও জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দে এ সময় সেতুটি অন্যান্য যানবাহনসহ ধসে পড়ে। বিবিসি
তলানিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রায় তলানিতে ঠেকেছে। একটি ফরাসি সংস্থার সমীক্ষায় এ কথা বলা হয়েছে। সমপ্রতি তাদের একটি সমীক্ষায় দেখা গেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ভারত ১৭৯টি দেশের মধ্যে ১৪০তম। দশ বছরের মধ্যে এ বছরই সর্বনিম্ন স্থান পেয়েছে ভারত। সমীক্ষায় আরো বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের উপর অত্যাচার ক্রমেই বাড়ছে। বাড়ছে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর রাজনৈতিক হস্তক্ষেপও। পিটিআই
পান্তা খেয়ে অসুস্থ ৬৩ ছাত্রী
ভারতের পশ্চিমবঙ্গে বারুইপুর শহরের রামনগর নামক স্থানে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রীরা পান্তা ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে অন্তত ৬৩ জন ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, বেশ কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেয়া হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়, সকালে ছাত্রীদের পান্তা খেতে দেয়া হয়েছিল। কিন্তু এতে কোন বিষক্রিয়া হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এএফপি