রুশদিকে কলকাতায় আসতে মানা করেছে পশ্চিমবঙ্গ সরকার

কট্টরপন্থি মুসলিম গোষ্ঠীগুলোর তীব্র প্রতিবাদের মুখে সালমান রুশদি ভারতের ‘সাংস্কৃতিক রাজধানী’ কলকাতায় না আসার কথা বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও বলেছে, রুশদি কলকাতা সফরে গিয়ে সাহিত্য সম্মেলনে যোগ দিলে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এক কর্মকর্তা বলেছেন, শেষ পর্যন্ত কেউই ঝুঁকি নিতে রাজি হয়নি। ফুরফুরা শরীফের পীর তোহা সিদ্দিকি জানিয়েছেন, শীর্ষ ধর্মীয় নেতারা রুশদিকে কলকাতায় প্রবেশ করার অনুমতি না দিতে পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফরহাদ হাকিমের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। সিদ্দিকি বলেন, তিনি (রুশদি) সেখানে যাবেন না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।