কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে মুরসি বিরোধী বিক্ষোভ

মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির ক্ষমতা ছাড়ার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। শুক্রবার কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর রয়টার্স ও আল-জাজিরার। শুক্রবার রাতে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের দেয়ালের বাইরে বিক্ষোভকারী তরুণরা পেট্রোল বোমা ও পটকার বিস্ফোরণ ঘটায়। জবাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান থেকে পানি ছোঁড়ে। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তাদের সামনেই মোহামেদ হুসেন কুরানি (২৩) নামে এক বিক্ষোভকারী মারা গেছেন। মেডিক্যাল ও নিরাপত্তাসূত্রগুলোও এ খবর নিশ্চিত করেছে। সারাদেশে অন্তত ৭৯ জন আহত হয়েছেন বলে মিসরের অ্যাম্বুলেন্স বিভাগের প্রধান জানিয়েছেন। এদের অধিকাংশই কায়রোতে আহত হয়েছেন। কয়েকদিন শান্ত থাকার পর এই সংঘর্ষের ফলে আবার মিসরের পরিস্থিতি অশান্ত হয়ে উঠলো। ২৫ জানুয়ারি, ২০১১ সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকবিরোধী গণআন্দোলন শুরু হয়েছিল। ওই দিবসটি উদযাপনে নতুন করে আবার সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেয় মিসরের উদার ও বামপন্থি বিরোধী দলগুলো। বিক্ষোভ সহিংসতার তীব্রতায় সেদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক মতভেদের কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হচ্ছে বলে সতর্ক করেন দেশটির সেনাবাহিনী প্রধান। চলমান বিক্ষোভ-সহিংসতার কারণে গুরুত্বপূর্ণ ইউরোপ সফরও সংক্ষিপ্ত করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুরসি।