লেবাননে বন্দুকধারীদের হামলায় দুই সেনা নিহত
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩২
সিরিয়ার সীমান্তে লেবাননের বেকা উপত্যকায় বন্দুকধারীদের হামলায় দুই সেনা ও এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনা টহলদল আরশাল গ্রামে একজন সন্ত্রাসীকে খুঁজতে গেলে চোরাগুপ্তা বন্দুক হামলার মুখে পড়ে। এ সময় একজন ক্যাপ্টেন ও একজন সৈনিক নিহত হন। আহত হন আরো কয়েকজন। হামলায় কয়েকটি সামরিক যান বিনষ্ট হয়। এলাকাটি ঘিরে ফেলা এবং জড়িতদের খুঁজে বের করার জন্য আরো সেনা পাঠানো হয়েছে। এর আগে আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল, সংঘর্ষে ৫ সেনা ও ১ বন্দুকধারী নিহত হয়েছে।