সংবাদ কণিকা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
কোমল পানীয়তে দাঁতের ক্ষয়
কোমল পানীয়তে দাঁতের ক্ষয়সহ বিভিন্ন রকম ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল চিকিত্সক গবেষণা করে এ তথ্য দিয়েছেন। মিষ্টি পানীয় বিশেষত কোমল পানীয় সেবনকারী শিশুদের ওপর তারা গবেষণাটি চালিয়েছিলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলিয়াডের স্কুল অব ডেন্টিস্ট্রির শিক্ষার্থীরা ১৬ হাজার আটশ শিশুর ওপর গবেষণা চালান। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের আমফিল্ড এই ফলাফল প্রকাশ করে। অ্যামফিল্ড বলেন, গবেষণার তথ্য-উপাত্তে দেখা যায়, কোমল ও মিষ্টি পানীয়র অতি অম্লতা চিনির মতই দাঁতে ক্ষয় সাধন করে, এতে দাঁতের ক্ষয় হয়।
ফিলিপাইনে দুই সংবাদকর্মী মুক্ত
ফিলিপাইনের ইসলামপন্থি জঙ্গি সংগঠন আবু সায়াফ তাদের হাতে বন্দি ফিলিপাইনের দুই টেলিভিশন ক্রুকে ছেড়ে দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চল থেকে প্রায় আট মাস আগে জর্ডানের এক সাংবাদিকের সঙ্গে তাদের আটক করা হয়। রবিবার আঞ্চলিক পুলিশ প্রধান নোয়েল ডেলোস রেইয়েস বলেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে জিম্মি দুই সংবাদকর্মী বুবোয় লেটরিরো ও রামিল ভেলাকে ছেড়ে দেয়া হয়। সেখানে আবু সায়াফ জঙ্গিরা গত বছরের জুলাই মাস থেকে তাদের বন্দি করে রেখেছিল। তিনি আরো বলেন, তাদের সঙ্গে আটক হওয়া সাংবাদিক বকর আতিয়ানির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। —এএফপি
ভারতে ধর্ষণ ঠেকাতে হাতঘড়ি
গণধর্ষণের ঘটনা রুখতে প্রযুক্তির সাহায্য নেবার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। নতুন এক জিপিএস হাতঘড়ি তৈরি করছে ভারত সরকার। বিবিসি জানিয়েছে, নারীদের ধর্ষণ থেকে রক্ষা পেতে এই হাতঘড়ি কাজে আসবে বলেই আশা করছে নির্মাতারা। জিপিএস হাতঘড়িটি বানাচ্ছে সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং। এটি ব্যবহার করে আইন-শৃংখলা রক্ষাবাহিনী এবং পরিবারের সদস্যদের সতর্ক করে দিতে পারবেন বিপদাপন্ন নারীরা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে ঘড়িটির প্র্টোটাইপ। দাম হবে ২০ থেকে ৫০ ডলারের মধ্যে।
বিগত বছর যুক্তরাষ্ট্রে ২২ লাখ কর্মসংস্থান
২০১২ সালে প্রায় ২২ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে ওবামা প্রশাসন। শনিবার জাতির উদ্দেশে ভাষণে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি জানান, যদি হোয়াইট হাউসের রাজনীতি প্রভাবিত না করে তবে চলতি বছর আরো কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিকে আরো চাঙ্গা করা সম্ভব হবে। এজন্য মার্কিন কংগ্রেসকে একজোটে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, গত বছর ২২ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে যা বিশেষজ্ঞদের আশার চেয়ে অনেক বেশি। তার মতে, এই বৃদ্ধির হার ধরে রাখতে হলে এখন প্রয়োজন সামঞ্জস্য রেখে চলা। —পিটিআই
যুুক্তরাষ্ট্রে ভারতীয় বিজ্ঞানী পুরস্কৃত
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানীকে সম্মানিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লেসার রশ্মি নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ রঙ্গস্বামী শ্রীনিবাসনকে ন্যাশনাল পদক অব টেকনোলজি অ্যান্ড ইনভেনশন সম্মানে ভূষিত করেন ওবামা। স্নায়ু ও চোখের অস্ত্রোপচারের ক্ষেত্রে লেসার রশ্মি নিয়ে কাজের জন্য এই পুরস্কার দেয়া হয়। তিনি ছাড়াও বিজ্ঞানী স্যামুয়েল ব্রুম ও জেমস ওয়েনকে পুরস্কৃত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ১৯৮৫ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে। —পিটিআই