সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে আশরাফুল ইসলাম খোকন নামে এক জেলে মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার সকালে সুন্দরবনের আঠারোবেকির রাজাখালী খালে কাকড়া ধরার সময় তিনি বাঘের আক্রমণের শিকার হন।
আহত বনজীবী আশরাফুল ইসলাম খোকন শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়াইল্ড টিমের টেংরাখালী ভিটিআরটি দলনেতা আনোয়ারুল ইসলাম জানান, সুন্দরবনে বনে কাঁকড়া ধরার সময় হঠাৎ পাশ থেকে একটি বাঘ খোকনের ওপর আক্রমণ করে। এ সময় বাঘ খোকনের মুখে থাবা দেয়।
খোকন কাদায় পড়ে গেলে তার সঙ্গী বনজীবী বাবু চিৎকার ও বৈঠা দিয়ে ডিঙ্গি নৌকায় গায়ে শব্দ করলে বাঘটি তাকে ছেড়ে বনের মধ্যে চলে যায়। তাৎক্ষণিক সে আহত খোকনকে ডিঙ্গি নৌকায় তুলে বন থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা তাদের উদ্ধার করে।
তিনি আরও জানান, খোকনের মুখ ও গলা বাঘের নখের আঘাতে চিরে গেছে। গলার আঘাত গুরুতর। খোকন কথা বলতে পারছেন না। কাগজে লিখে জানাচ্ছে তার বর্তমান অবস্থা।
আরও পড়ুন: নেশাগ্রস্ত স্বামীর অত্যাচারে জীবন থেকে বিদায় নিলেন গৃহবধূ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, তাকে বর্তমানে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/অনি