হাওরের ফসল রক্ষার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন, কলমাকান্দ, আটপাড়া এবং পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা মূলত হাওর উপজেলা। এই ৬টি উপজেলার প্রায় ১২ লাখ লোক বিশেষ করে খেটেখাওয়া লোকজন জীবন ধারণের নিরন্তর সংগ্রাম করে আসছেন বছরের পর বছর ধরে। কিন্তু তাদের ভাগ্যের তেমন কোন উন্নতি হয় নাই। বেসরকারি সংগঠনগুলো তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, কিন্তু যারা নদীতে মাছ ধরে জীবন ধারণ করে, হাঁস পালন করে জীবন ধারণ করে তারা এখন আর আগের মত উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে যেতে পারে না। প্রভাবশারীরা নদী বা উন্মুক্ত জলাশয় কথিত লিজের নামে দখল করে রাখছে। আর এরই প্রতিবাদে নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নে গাগলাজুর বাজারে বাংলাদেশ নারী প্রগতি সংঘ মোহনগঞ্জ কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং রিকল প্রকল্পের আওতায় সমাজ ভিত্তিক সংঠনের উদ্যোগে হাওর রক্ষা বাঁধ স্থায়ীভাবে মেরামতকরণ, হাওরে মুক্ত জলাশয়ে হাঁস পালন, মাছধরার অধিকারসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ধনু ও কংস নদীর পারে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ করে। প্রায় ২ ঘন্টা স্থায়ী এই মানববন্ধন কর্মসূীিতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেমার লোকজন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে সেখানে তাদের অধিকারের দাবিতে বক্তব্য রাখেন গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যাান মো. হাবিবুর রহমান, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক ও জেলা সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক আলী আমজাদ খান, রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মুক্তি মহানায়ক, সমাজ ভিত্তিক সংগঠনের সদস্য রেনু আক্তার, নাজমা আক্তার, কামাল আহমেদ প্রমুখ। বক্তারা যথাসময়ে হাওরের বেড়িবাঁধ মেরামত, মুক্ত জলাশয়ে মাছ ধরা ও হাঁস পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা কামনা করেন।