আপনার শিশু

শিশুর জন্য বর্ণমালা

আপনার সন্তানকে বর্ণমালা শেখানো খুব কঠিন কিছু নয়। ইচ্ছে করলে সন্তানকে সহজেই বর্ণমাল শেখাতে পারেন, এজন্যে বাজারে এসেছে বিভিন্ন রকম উপকরণ। এর মধ্যে রয়েছে বইসহ নানা উপকরণ। সহজেই শিশুকে বর্ণমালা শেখানোর উপায় নিয়ে আমাদের এবারের আয়োজন। মাতৃভাষার বর্ণ শেখার আনন্দই আলাদা। তবে, যারা বয়সে ছোট তারা বর্ণ শিখে আনন্দ পায় না, যদি শেখানোর পদ্ধতিটাকে তাদের বয়সের উপযোগী করে তোলা না যায়। তাই, বাবা-মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন শেখানোর পদ্ধতিটা অবশ্যই তাদের বয়সের উপযোগী হয় এবং তারা মজা করে শিখতে পারে। তবে, বাবা-মা যেন তাদের সন্তানকে সহজেই বর্ণমাল শেখাতে পারেন, এজন্যে বাজারে এসেছে বিভিন্ন রকম উপকরণ। প্রথমে আসা যাক, বইয়ের প্রসঙ্গে। একটি ভালো বই হাতে পেলে শিশুরা নিজ থেকেই অনেক বর্ণমালার সঙ্গে পরিচিত হতে পারবে। পাশাপাশি বাবা-মা যদি একটু সহায়তা করেন, তা হলে তো কথাই নেই। তবে, বর্ণমালা শেখানোর উপযোগী বই খুঁজতে গিয়ে অনেকেই পড়ে যান বিপাকে। যেসব বই খোঁজেন কিংবা কিনবেন বলে বাড়ি থেকে মনস্থির করে এসেছেন, সেগুলো পান না। আবার যেসব বই পান, সেগুলো পছন্দ হয় না। পছন্দ হয় না নানা কারণে। হয়তো বানান ভুল, নয়তো বইটা ততটা কালারফুল না। তবে, খুঁজে পেতে একটু কষ্ট হলেও এমন কিছু বই কেনা দরকার, যেগুলো আসলেই শিশুদের উপযোগী। যেমন—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, সীতানাথ বসাকের আদর্শলিপি ও সরল বর্ণপরিচয়, রামসুন্দর বসাকের আদি বাল্যশিক্ষা, মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বই ইত্যাদি। এসব বই হাতে পেলে শিশুরা অত্যন্ত সহজ পদ্ধতিতে বর্ণমালা শিখতে পারবে। তবে, এসব বই সব জায়গায় সব লাইব্রেরিতে পাওয়া যাবে না। পাওয়া যাবে বাংলা বাজার, চকবাজার এবং নিউমার্কেটে। তবে মজার ব্যাপার হলো—এসব বইয়ের দাম খুব একটা বেশি নয়। সর্বোচ্চ ২৫ থেকে ৩০ টাকা। বই ছাড়াও বর্ণমালা শিক্ষার আরো বেশ কিছু উপকরণ পাওয়া যায় বাজারে গেলেই। যেমন বর্ণমালার পোস্টার। বর্ণমালার পোস্টারগুলো ঘরে এনে ঝুলিয়ে রাখা যেতে পারে। শিশুরা ঘরে ঢোকার সময়, ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে থাকা অবস্থায় এসব বর্ণমালা দেখতে পাবে। আর নিয়মিত দেখলে এমনিতেই শেখা হয়ে যাবে। এসব পোস্টার যাতে বহুদিন টেকে এজন্যে এগুলো সাধারণত লেমিনেট করে বিক্রি করা হয়। এসব পোস্টারের দাম পড়বে ৬০ টাকা। আর সাধারণ পোস্টারের দাম পড়তে পারে ৯০ টাকা। খেলার ছলে যদি শিশুরা শিখতে পারে, তা হলে সেই শেখাটা বেশ স্থায়ী হয়। শিশুদের জন্যে খেলায় খেলায় শেখার ব্যবস্থাও রয়েছে। এরজন্য বাজারে পাওয়া যাবে প্লাস্টিকের ব্লক। এসব ব্লকের দাম পড়বে ৮০ থেকে ২৬০ টাকা। বর্তমান যুগ ডিজিটাল যুগ। তাই, বর্ণমালা শেখানোর পদ্ধতির ক্ষেত্রেও ডিজিটালের ছোঁয়া লেগেছে। এখন ডিজিটাল পদ্ধতি বর্ণমালা শেখানোর জন্যে সিডি ও ডিভিডি পাওয়া যায়। এগুলোয় বর্ণমালার পাশাপাশি মজার মজার ছবিও থাকে, যা দেখে শিশুরা শিখতে অনুপ্রাণিত হয়। এসব সিডি ডিভিডি পাওয়া যাবে ৬০ থেকে ১২০ টাকার মধ্যে। শিশুদের জন্যে রয়েছে স্লেটও। স্লেটে বড় বড় অক্ষরে বর্ণমালা লিখে দিলে তারা সহজেই শিখে নিতে পারে। এক একটি স্লেটের দাম পড়বে ২০ থেকে ৫০ টাকা। স্লেট পাওয়া যাবে যেকোনো মার্কেটের শিশু কর্নারগুলোতে। সর্বোপরি বাবা-মায়ের সার্বক্ষণিক চেষ্টায়ই একজন শিশু পুরোপুরি শিখে নিতে পারে বর্ণমালা।