আজ আসছে হুমায়ূন আহমেদের ‘দেয়াল’

নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাস ‘দেয়াল’ আজ আসছে। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। বইটি নিয়ে পাঠকমহলে বেশ আগ্রহ রয়েছে। কারণ তার মৃত্যুর পর ‘দেয়াল’ই তার সবশেষ প্রকাশিত উপন্যাস। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘বইটি নিয়ে যা কিছু সমস্যা ছিলো, তা হুমায়ূন স্যার মারা যাওয়ার আগেই সংশোধন করে দিয়েছেন। সেই সংশোধিত পাণ্ডুলিপি বই আকারে বের হচ্ছে। ‘দেয়াল’ উপন্যাসে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে। একই সাথে বর্ণিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনাও। বইটি নিয়ে গত মে মাসে আদালত কিছু সংশোধনী আনতে বলে। আদালতের নির্দেশনা অনুযায়ী, মারা যাওয়ার আগে হুমায়ূন আহমেদ এর সংশোধনী আনেন। মঙ্গলবার মেলার ১৯ দিনের পর্যালোচনা করে প্রকাশকরা বলছেন, শাহবাগের আন্দোলন, একদিন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি, আর হরতালের কারণে বেচাবিক্রি কিছুটা কম। তবে মেলায় এখন যারা আসছেন তারা মূলত প্রকৃত পাঠক। তারা মেলায় ঘুরে ফিরে পছন্দের বই কিনে ফিরছেন। এদিকে, এবারের মেলার শুরু থেকেই ভিড় লেগে আছে কিশোরদের প্রিয় প্রকাশনী সেবাতে। বই কেনা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে সেখানে। এ বছর স্টলটি বর্ধমান হাউসের পাশেই হওয়ায় পাঠকরা খুব সহজেই তা খুঁজে পাচ্ছেন। বিশ্বের জনপ্রিয় সব উপন্যাস ও গল্পের অনুবাদের বইয়ের পাশাপাশি এখানে সবার প্রিয় মাসুদ রানা ও তিন গোয়েন্দা সিরিজের বই তো আছেই। যার আকর্ষণে সবাই ছুটে আসছেন ওখানে। সিরিজের বইগুলোর পাশাপাশি এ বছর সেবা প্রকাশনী থেকে বেশ কিছু নতুন বই এসেছে। মেলায় হুমায়ূন-জননী : মঙ্গলবার মেলায় এসেছিলেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। ছোট ছেলে ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব এবং দুই মেয়ে সুফিয়া হায়দার ও মমতাজ শহীদকে সাথে নিয়ে তিনি মেলায় আসেন। তিনি অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বন্ধু মুনীর আহমেদের স্মৃতিচারণমূলক লেখা ‘হুমায়ূন আহমেদ ও যত কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি অন্যপ্রকাশের স্টলের সামনে বইটির মোড়ক উন্মোচন করেন। সূচীপত্র থেকে প্রকাশিত হয়েছে আবুল হোসেন এর আত্নজৈবনিক রচনা ‘অপরাহ্নের স্মৃতি’, অনন্যা প্রকাশনী থেকে এসেছে মুনীর আহমেদ এর লেখা ‘হুমায়ূন আহমেদ ও যত কথা’, বর্ণায়ন প্রকাশনি থেকে এসেছে শামসুদ্দিন চৌধুরী’র ভাবনুবাদ ‘ভার্জিলের ঈনিড’, সমায় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মুনতাসীর মামুন সম্পাদিত ‘,মুক্তিযুদ্ধ কোষ’ দ্বাদশ খন্ড, অনিন্দ্য প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে মঈনুল আহসান সাবের এর উপন্যাস ‘এখন পরিমল’,চন্দ্রাবতী একাডেমী থেকে প্রকাশিত হয়েছে সাজজাদ আরেফিনের কবিতার বই ‘আনন্দের ঘরবাড়ি’, সূচীপত্র থেকে প্রকাশিত হয়েছে মারুফ কামাল খান এর কবিতার বই ‘অসময়ের ফোঁড়’, বিভাস প্রকাশনি থেকে এসেছে আহসান কবীর এর ১৯৪৭ থেকে নিয়ে ১৯৭১ তত্পরবর্তী সময়কে নিয়ে লেখা ‘পাক নয় পাকি বলুন’। চন্দ্রছাপ প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে কবি অমল কুমার বর্মন-এর কবিতার বই ‘সুগন্ধি রুমাল’। নজরুল মঞ্চের চিত্র : গতকাল মঙ্গলবার মেলার নজরুল মঞ্চে আটটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উন্মোচন করেন সুবর্ণ থেকে প্রকাশিত এম নজরুল ইসলামের ‘শেখ হাসিনা : মুক্তির বহ্নিশিখা’ ও মাহফুজুল বারীর ‘এক অভিযুক্তের দৃষ্টিতে আগরতলা মামলা’ বই দুইটির। সূচিপত্র থেকে প্রকাশিত শাহনাজ পারভীন রীতুর ‘অন্তরে অনুভবে’ বইটির মোড়ক উন্মোচন করেন আহসান হাবীব। ডা. মো. দেলোয়ার হোসন খান এর লেখা ‘মুক্তিযুদ্ধে চাঁদপুর’, বইটি পাওয়া যাচ্ছে আকাল ও ত্রয়ী প্রকাশনীতে। ওসমান গনী উন্মোচন করেন নন্দিনী প্রকাশনী থেকে আসা ফজিলাতুন নেসা মুন্নুর ‘বাক্যসমূহ নিরাপত্তা চায়’ বইটি।