বায়ার্নের প্রত্যাবর্তন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩২
দুই বছরেরও বেশি সময় ধরে জার্মান ফুটবলে আধিপত্য বজায় রেখেছিল বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু ঐতিহ্যবাহী বায়ার্ন মিউনিখ অবশেষে আবারো নিজেদের প্রত্যাশিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে। সর্বশেষ গত বুধবার জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে উঠে গেছে শেষ চারে। আরিয়েন রোবেন জয়সূচক গোলটি উপহার দেন বায়ার্নকে।
বাভারিয়ানরা জার্মান বুন্দেসলিগায় ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ শিরোপা জয় করে। পরের দুই মৌসুম শিরোপা জেতে ডর্টমুন্ড। শুধু তাই নয় গত মৌসুমে বার্লিনে অনুষ্ঠিত জার্মান কাপের ফাইনালে বায়ার্নকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ডর্টমুন্ড। ফলে বায়ার্ন বুধবারের এই জয়ে জার্মান ক্লাব ফুটবলের আরেকটি প্রতিযোগিতায় দাপট দেখাল।
বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা বায়ার্ন মিউনিখ দ্বিতীয়স্থানে থাকা ডর্টমুন্ড থেকে এখন ১৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে।
বায়ার্ন ইউরোপেও ভাল করছে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে এক পা দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে। কোচ জাপ হেইঙ্কস বলেন, ‘আমার দল প্রশংসার দাবি রাখে। কারণ এই মুহূর্তে শুধু সুন্দর ফুটবল খেলার সামর্থ্য শুধু নয় সেই সাথে লড়াইও করতে পারে।’
বায়ার্ন এর আগে ডর্টমুন্ডের বিরুদ্ধে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলা সর্বশেষ ছয়টি লড়াইয়ে পাঁচটিতে টানা হেরেছিল।
জার্মান কাপে বুধবারের ফল
স্টুটগার্ট ২ বোশাম ০
বায়ার্ন মিউনিখ ১ বরুশিয়া ডর্টমুন্ড ০