সমর্থকদের নিয়ে ক্ষিপ্ত বেনিতেজ

চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজ ক্লাবের একশ্রেণীর সমর্থকের ওপর বেজায় চটেছেন। ধৈর্যধারণের চেষ্টা করেছেন তিনি। কিন্তু গত বুধবার এফএ কাপের খেলায় জয়ের পর আর ক্রোধ সংবরণ করতে পারেননি, নিশ্চিত করেছেন চলতি মৌসুমের শেষেই চেলসি ছাড়ছেন। গত বছরের নভেম্বরে রর্বাতো ডি ম্যাত্তিওকে চেলসির দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর থেকেই ক্লাব সমর্থকদের একটা অংশ বেনিতেজের বিরোধিতা করে আসছিল। চেলসি গত বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে মিডলসবরোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শুধু তাই নয় দলটি ইউরোপা লিগেরও শেষ ষোলোতেও পৌঁছেছে। কিন্তু প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে তারা। এফএ কাপের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করবে চেলসি। আগামী ১০ মার্চ ওর্ল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক মিডলসবরোর বিপক্ষে চেলসির হয়ে জয়সূচক গোল দুটি করেন রামিরেজ এবং ভিক্টর মোসেস। রামিরেজ ৫১ ও মোসেস ৭৩ মিনিটে করেন গোলগুলো। বেনিতেজ খেলা শেষে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে জানান সমর্থকদের একটি অংশের আচরণের কারণে তিনি এই দলের সাথে স্থায়ীভাবে থাকতে চান না। মিডলসবরোর বিপক্ষে জয়ের পর স্পানিশ এই কোচ বলেন, ‘আমি ২৬ বছর ধরে ফুটবলের সাথে রয়েছি। জয় করেছি চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব, বিশ্বকাপ, এফএ কাপ, ইতালিয়ান সুপার কাপ, দুইবার স্প্যানিশ লিগ, নয়টি ট্রফি। আপনি ক্লাব পর্যায়ে সব ট্রফি জয় করতে পারেন।’ তিনি আরো বলেন, ‘একশ্রেণীর সমর্থক গান গেয়ে এবং ব্যানার তৈরিতে সময় নষ্ট করে দলের কোন উপকারই করছে না।’ চেলসিতে নিজের সাময়িক নিয়োগ প্রসঙ্গে বেনিতেজ বলেন, ‘এমনটা করা হয়েছে কোন একজন ভুল করেছে বলে। তারা আমার পদবী ঠিক করেছে ‘অন্তর্বর্তীকালীন ম্যানেজার’ হিসেবে এবং আমি মৌসুম শেষে চলে যাবো। তাই আমাকে নিয়ে তাদের (সমর্থকরা) সময় নষ্ট করার দরকার নেই। তাদের উচিত দলকে সমর্থন দেয়ায় মনোযোগী হওয়া।’ তিনি আরো বলেন, ‘এটাই তাদের করা উচিত। মোদ্দা কথা হলো, তারা ক্লাবের কিংবা অবশিষ্ট সমর্থকদের এবং খেলোয়াড়দের কোন কাজে আসে না। প্রতিটি ম্যাচেই তারা গান গেয়ে চলে এবং নিয়মিত ব্যানার প্রস্তুত করে। তারা সময় নষ্ট করেন। তাদের দরকার দলকে সমর্থন করা। আমরা যদি কিছু অর্জন করতে না পারি, তাহলে আমরা কি অর্জনের আশা করতে পারি। সেটা হতে পারে শীর্ষ চারে থাকা বা পরবর্তী বছরে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়া। আমি চলে যাবো। তারা থেকে যাবে ইউরোপা লিগে। ’ বেনিতেজ আরো যোগ করেন, ‘আমি একজন ম্যানেজার। খেলোয়াড়দের ম্যানেজ করি আমি এবং আমি সিদ্ধান্ত নেই। আমি তো চলে যাবোই, কারণ তাদের ভাষ্যমতে আমি অন্তর্বর্তীকালীন, কাজেই তারা স্রেফ সময় নষ্ট করছেন।’ এফএ কাপে বুধবারের ফল পঞ্চম রাউন্ড মিডলসবরো ০ চেলসি ২