চ্যালেঞ্জ কাপ ফুটবল শুরু আগামীকাল

ঢাকায় ২০০৬ সালে অনুষ্ঠিত প্রথম চ্যালেঞ্জ কাপ ফুটবলে স্বাগতিক শহরে ছিল বেশ ভালো প্রচার প্রচারণা। বাংলাদেশের দুটি বড় নগরিতে এক সাথে দুই গ্রুপের লড়াই অনুষ্ঠিত হয় এবং আলোচনায় ছিল ফুটবলের খবরাদি। সে তুলনায় নেপালে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া চ্যালেঞ্জ কাপ ফুটবল নিয়ে তেমন মাতামাতি নেই। ঢাকার মাঠের এক সময়ের পরিচিত ফুটবলার, অধুনা নেপালের ফুটবল কর্মকর্তা গনেশ থাপার দেশের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা কাঠমান্ডু শহরে দেখা গেল না চ্যালেঞ্জ কাপের কোনো ফলক। তাই বলে এটা বলা যাবে না যে, নেপালের ফুটবল দর্শকরা এএফসির চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বটিকে আমলে নিচ্ছে না। বরং হিমালয়ের পাদদেশের ফুটবল অনুরাগীরা আগামীকাল শুরু হতে যাওয়া চ্যালেঞ্জ কাপ ফুটবলের ‘ডি’ গ্রুপের লড়াই দেখার অপেক্ষায় আছে। এ জন্য নেপালের টেলিভিশনে খেলা সমপ্রচারের সুবিধার্থে নির্ধারিত সময়ের খেলা আধ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। চ্যালেঞ্জ কাপ নিয়ে প্রচারণা কম থাকলেও মাঠে দর্শক আসবে এবং টেলিভিশন দর্শকরা সাড়া দেবে বলেই মনে করছেন চার জাতির বাছাই পর্বের আয়োজক নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। নেপালে সবার আগে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত কাঠমান্ডু শহরের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। তিনি প্রতিযোগিতা শুরুর আগে দুই বেলাই অনুশীলন করাচ্ছেন। অনুশীলনের পাশাপাশি প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিরুদ্ধে সেরা একাদশ তৈরিরও চেষ্টা চলছে। গতকাল পর্যন্ত দল চূড়ান্ত হয়নি। ঐ দিন সকালেই সেরা একাদশ তৈরি করে ফেলতে চান ডাচ কোচ। নেপালে নিজেদের মধ্যে অনুশীলন করাচ্ছেন কোচ। অনুশীলনে দেখা গেল সেরা একাদশ থেকে অধিনায়ক সুজনকে বাইরে রাখছেন তিনি। কিন্তু কেন তা প্রকাশ করছেন না ডাচ কোচ। পেশাদার লিগ খেলে নেপালে গিয়েছেন ফুটবলাররা। কারো কারো কম বেশি হালকা চোট রয়েছে। কিন্তু ম্যাচে নামতে না পারার মতো চোটের সমস্যার কথা শোনা যাচ্ছে না। এদের মধ্যে কাদের ফিটনেস ভালো, কারা ম্যাচ খেলার মতো প্রস্তুতিতে রয়েছেন, ক্রুইফ সেটা জেনে নিচ্ছেন স্বদেশি সহকারি কোচ রেনে কেস্তারের কাছ থেকে। তবে সমস্যা হচ্ছে ক্রুইফের চোখে যারা ‘গুডবয়’ তাদের দু’একজনের জন্য সেরা একাদশে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ স্থানীয় সহকারি কোচ সৈয়দ গোলাম জিলানি নিজের পছন্দের খেলোয়াড়কে ‘ঠেলেঠুলে’ কোচের সেরা একাদশের তালিকায় ঢুকিয়ে দিতে চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।