প্রস্তুতি ম্যাচে থাকছেন সাঙ্গাকারা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
প্রথম থেকে শোনা যাচ্ছিল বাংলাদেশের বিপক্ষে থাকবেন না তাদের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। মূল সিরিজে থাকবেন কি না, পরের ব্যাপার। আপাতত এটুকু জানা গেল সুস্থ হয়ে উঠতে থাকা শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক মাতারায় তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইমার্জিং একাদশের হয়ে খেলবেন। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়।
নিজের সেরে ওঠা সম্পর্কে সাঙ্গাকারা বললেন,‘এ সপ্তাহে আমি নেটে ব্যাট করেছি এবং ভালোভাবেই অনুশীলনে সময় কাটিয়েছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পাওয়ায় আরো ভালোভাবে নিজেকে ঝালাই করে নেয়ার সুযোগ হলো। যতোখানি সম্ভব উইকেটে থাকার চেষ্টা করব, সবকিছু ঠিক থাকলে গলে টেস্টে ফিরব।’
বক্সিং ডে টেস্টে আঙুলে গুরুতর চোট পান সাবেক লঙ্কান অধিনায়ক। এরপর আর মাঠে নামা হয়নি তাঁর। ৮ মার্চ শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ফিরতে এ প্রস্তুতি ম্যাচকে বড় ধরনের সুযোগ হিসেবে দেখছেন সাঙ্গাকারা।
ইমার্জিং একাদশের কোচিংয়ের দায়িত্বে আছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রমেশ কালুবিথরানা। ৩ মার্চ শুরু হতে যাওয়া ঘাম ঝরানো ম্যাচে নেতৃত্ব দিবেন অ্যাঞ্জেলো পেরেরা।
১৬ সদস্যের দল: অ্যাঞ্জেলো পেরেরা (অধিনায়ক), কিথুরউয়ান ভিথাঙ্গা (সহ অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, অ্যাশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), উদারা জয়াসুন্দেরা, শেহান জয়সুরিয়া, আশান প্রিয়ঞ্জনা, ইশান জয়রত্নে, দুষ্মন্ত চামিরা, কাশুন মধুশঙ্কা, চতুরঙ্গ ডি সিলভা, দুলাঞ্জনা মেন্ডিস, রামিথ রামবুকেলা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু গমেজ।