দশরথের মাঠ দেখে ক্ষুব্ধ ম্যাচ কমিশনার

আন্তর্জাতিক ম্যাচ হবে অথচ মাঠের হাল দেখে ক্ষুব্ধ এএফসির ম্যাচ কমিশনার মুনায়েম ফাকোহরি। চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বের খেলা হবে বলে সব কিছু ঠিক ঠাক আছে কিনা তা দেখতে ম্যাচ কমিশনার মুনায়েম ফাকোহরি দশরথ স্টেডিয়ামে গিয়েছিলেন। কিন্তু মাঠের হাল দেখে তিনি অসন্তুষ্ট হয়ে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে নির্দেশনা দিয়েছেন মাঠ খেলার উপযুক্ত করে তুলতে। জানা গেছে সমপ্রতি দশরথের মাঠে কি এক অনুষ্ঠান হয়েছিল। সে কারণে মাঠ নষ্ট হয়েছে। দশরথ স্টেডিয়ামের ভিআইপি, প্রেসবক্স, গ্যালারি মাঠ দেখে প্রশ্ন জাগতে পারে কিসের যোগ্যতায় এএফসি এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমতি দিল। ঢকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম তো সেই তুলনায় অনেক ভাল। দশরথের মাঠের ঘাসগুলোও বিবর্ণ, সবুজের দেখা মেলা ভার। বাইরে থেকে কিছু দুবলা ঘাস এনে মাটি চাপা দিয়ে বসিয়ে দেয়া হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে দেখা গেছে সিগারেটের পোড়া অংশ, নানা ধরনের ময়লা আবর্জনা। দ্রুত মাঠ সংস্কারের কাজ চলছে। জর্ডান থেকে আসা ৫৮ বছর বয়সের ম্যাচ কমিশনার মুনায়েম মাঠের করুণ অবস্থা দেখে আশংকা করছিলেন খেলোয়াড়দের সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক দেয়া হচ্ছে কিনা। খোঁজ নিতে ছুটে গিয়েছিলেন গ্র্যান্ড হোটেলে। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার ইকবাল এবং দলের মিডিয়া ম্যানেজার আশিকুর রহমানের কাছে জেনেছেন খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থাসহ প্রাপ্য সুবিধাগুলো আছে। কোনো সমস্যা হলে তা যেন জানানো হয়। এদিকে বাফুফের মিডিয়া ম্যানেজার আশিকুর রহমান বলছেন, চ্যালেঞ্জ কাপের খেলা কাভার করতে সাংবাদিকদের নাকি মিডিয়া কার্ড লাগবে না। একথা শুনে এএফসির ম্যাচ কমিশনার মুনায়েম ফাকোহরি আশিকের কাছে জানতে চান- কে বলেছে কার্ড লাগবে না। তিনি সাংবাদিকদের বলেন, মিডিয়া কার্ড লাগবে।’ এছাড়া বর্তমানে নেপালে চলছে ভয়াভহ লোডশেডিং। প্রতিদিন ১২ ঘন্টা লোডশেডিং চলে। ম্যাচ কমিশনার জানালেন দশরথ স্টেডিয়ামে জেনারেটরের ব্যবস্থা থাকবে। খেলায় সমস্যা হবে না।